দিরাই-শাল্লায় নাছির চৌধুরীর বিকল্প নেই— প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি জনসমুদ্র

দিরাই প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৭:৩৪ পিএম
দিরাই-শাল্লায় নাছির চৌধুরীর বিকল্প নেই— প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি জনসমুদ্র

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিরাই-শাল্লায় আয়োজিত র‌্যালিতে হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি আবারও প্রমাণ করেছে—এই অঞ্চলে নাছির চৌধুরীর বিকল্প নেই।

বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলসহ দলে দলে নেতাকর্মীরা এসে জড়ো হন দিরাই উপজেলা সদরে। 

দুপুর ১২টায় উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে একটি বিশাল র‌্যালি বের হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও দিরাই-শাল্লার সাবেক সংসদ সদস্য নাছির চৌধুরীর সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনায় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

“দুর্দিনের নাছির ভাই, আমরা তোমায় ভুলি নাই”, “নাছির ভাইয়ের ঘাঁটি—দিরাই-শাল্লার মাটি”—এমন শ্লোগানে গর্জে ওঠে উপজেলা জুড়ে।

উল্লেখ্য, অসুস্থতার কারণে নাছির চৌধুরী বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছেন। তিনি আগামী ৮ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যাবেন বলে জানান সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী। 

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন,“নেতার সঙ্গে আমার কথা হয়েছে। আপনারা সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন। আগামী শুক্রবার দিরাই-শাল্লার সব মসজিদ-মন্দিরে দোয়া ও প্রার্থনা সভার আয়োজন করা হবে।”

র‌্যালিটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ ও বাজার প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে উপজেলার সব ইউনিটের নেতা-কর্মীরা অংশ নেন।

৭০ বছরের প্রবীণ রহমত আলী বলেন,“নাছির চৌধুরী যতদিন বেঁচে আছেন, ততদিন দিরাই-শাল্লায় তিনিই বিএনপির একমাত্র প্রার্থী। আজকের এই গরমে শুধু উনার জন্যই মিছিলে এসেছি।”

পথচারী আনফর মিয়া জানান,“আজকে দিরাইয়ে যা দেখলাম, জীবনে কখনো এত মানুষ একসাথে দেখি নাই।”

ছাত্রনেতা আশরাফ বলেন,“নাছির চৌধুরী তার জীবনের প্রতিটি মুহূর্ত মানুষের কল্যাণে ব্যয় করেছেন। এবার সময় এসেছে আমরা তাকে প্রতিদান দিই। আমরা ধানের শীষ প্রতীকে তাকে নির্বাচিত করে দিরাই-শাল্লার আসন খালেদা জিয়াকে উপহার দিতে চাই।”

দিনভর আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিএনপির এই বিশাল সমাবেশ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ইএইচ