সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর)। এ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপি নানা কর্মসূচি হাতে নিয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে কবর জিয়ারত, দোয়া মাহফিল ও আলোচনা সভা। সিলেট জেলা বিএনপির উদ্যোগে শুক্রবার দুপুর ১২টায় মৌলভীবাজারে মরহুমের কবর জিয়ারত করা হবে। পরে বাদ মাগরিব হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
অন্যদিকে সিলেট মহানগর বিএনপি সকাল ১১টায় মৌলভীবাজারে মরহুমের কবর জিয়ারত করবে। এছাড়া বাদ আসর হযরত শাহজালাল (র.) মাজার মসজিদ প্রাঙ্গণে বিশেষ দোয়া মাহফিল আয়োজন করবে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে বাদ জুমা বন্দরবাজার জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল এবং বিকেল ৩টায় সিলেট শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। সভায় এম সাইফুর রহমানকে নিয়ে স্মৃতিচারণ এবং তাঁর রাজনৈতিক ও ব্যক্তিজীবনের নানা দিক তুলে ধরবেন কেন্দ্রীয় ও সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
এসব কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আরিফুল হক চৌধুরী, এমদাদ হোসেন চৌধুরী ও এমরান চৌধুরী।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন