ঈশ্বরগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নিরাপত্তা প্রহরীকে লাঞ্ছিত করার অভিযোগ

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৩:৪৫ পিএম
ঈশ্বরগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নিরাপত্তা প্রহরীকে লাঞ্ছিত করার অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা প্রহরীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জরুরি বিভাগের এক চিকিৎসকের বিরুদ্ধে। 

বুধবার রাতে হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় জরুরি বিভাগের কর্মচারী সাময়িকভাবে বাইরে গেলে নিরাপত্তা প্রহরী খায়রুলকে দায়িত্বে রাখার নির্দেশ দেওয়া হয়। 

দায়িত্ব পালনকালে খায়রুল জানান, চিকিৎসক ডা. কাজী সাবিত আব্দুল্লাহ তাকে ডেকে নিয়ে একপর্যায়ে কান ধরে টেনে অপমান করেছেন।

অভিযোগকারী প্রহরী খায়রুল বলেন, “আমি এক বছর ধরে এই হাসপাতালে চাকরি করছি। সেদিন রাতে আমি সামান্য দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ ডাক্তার স্যার আমার ওপর চড়াও হয়ে গালিগালাজ ও কান ধরে টানেন। আমি এই ঘটনার ন্যায়বিচার চাই।”

অভিযোগের বিষয়ে অভিযুক্ত চিকিৎসকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসাইন বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। উভয় পক্ষের বক্তব্য নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ইএইচ