ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশ আসামি আটক করার ঘটনায় ক্ষুব্ধ হয়ে বাদীপক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বড়হিত ইউনিয়নের বড়ডাংরী গ্রামের আব্দুর রশিদের সঙ্গে প্রতিবেশী দুলাল মিয়া (৫৫) দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধে জড়িত ছিলেন। ২০১২ সালের ২৩ মে দুলাল মিয়া ও তার লোকজন আব্দুর রশিদের পরিবারের ওপর হামলা চালালে রশিদ ও তার স্ত্রী গুরুতর আহত হন। ওই মামলায় দুলাল মিয়া সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে গেলে ক্ষিপ্ত হয়ে রাত আড়াইটার দিকে দুলাল মিয়ার ছেলে লালন মিয়া একদল লোক নিয়ে আব্দুর রশিদের ছেলে নুরুল আমিন (৩৮)-এর বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরে ঢুকে ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে।
ভুক্তভোগী নুরুল আমিন অভিযোগ করে বলেন, “জমি নিয়ে বিরোধের জের ধরে পুলিশ আমাদের প্রতিবেশী দুলাল মিয়াকে আটক করলে তার ছেলে লালন একদল লোক নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।”
অপরদিকে অভিযুক্ত লালন মিয়া দাবি করেন, “পুলিশ আমার বাবাকে আটক করার সময় পরিবারের তিনজন নারীকে মারধর করেছে। তারা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।”
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, “অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন