ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৪:০১ পিএম
ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

পটুয়াখালীর মির্জাগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় মো. আল আমিন (২২) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রানীপুর এলাকার হালিম ডাক্তার মসজিদের সামনে বরগুনা–চান্দখালী–সুবিদখালী–বাকেরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল চালক ফয়েজ উদ্দিন (২২) আহত হন। 

নিহত আল আমিন দেউলি সুবিদখালী ইউনিয়নের রানীপুর গ্রামের আবদুল হালিমের ছেলে।

স্থানীয়রা জানান, অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আল আমিনকে ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন। একই ঘটনায় মোটরসাইকেল চালকও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আল আমিন মারা যান।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত আল আমিনের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইএইচ