চক্ষু স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং দরিদ্র ও প্রতিবন্ধী রোগীদের জন্য সহজলভ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথালমোলজি অ্যান্ড হসপিটালের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
রোববার রাতে বরিশাল নগরের হোটেল গ্র্যান্ড পার্কে অনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথালমোলজি অ্যান্ড হসপিটালের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সিবিএম গ্লোবাল ডিজএবিলিটি ইনক্লুশন-এর প্রতিনিধি এবং কোডেক-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোডেকের সমঝোতা স্মারকের উদ্দেশ্য তুলে ধরে কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব মো. আখতারুজ্জামান বলেন, “দরিদ্র ও প্রতিবন্ধী রোগীদের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য ক্যাটারাক্ট সার্জারি, রিফ্র্যাকটিভ এরর সংশোধন, চশমা এবং সহায়ক যন্ত্রপাতি সরবরাহ করা হবে। এছাড়া স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও কমিউনিটি ভলান্টিয়ারদের অন্তর্ভুক্তিমূলক চক্ষু স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং হাসপাতাল রেফারেল সিস্টেমকে শক্তিশালী করা হবে।”
তিনি আরও জানান, সার্ভে, মনিটরিং, অ্যাক্সেসিবিলিটি অ্যাসেসমেন্ট এবং নীতিগত সংলাপের মাধ্যমে জাতীয় চক্ষুস্বাস্থ্য উন্নয়নে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথালমোলজি অ্যান্ড হসপিটালের সঙ্গে সহযোগিতা করা হবে। যৌথ সেবা, অ্যাডভোকেসি এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক চক্ষুস্বাস্থ্য সেবা মডেল তৈরি করা হবে এবং জাতীয় ও জেলা পর্যায়ে বহু-পক্ষীয় সমন্বয় গড়ে তুলে দীর্ঘমেয়াদে সেবাটি সংহত করা হবে।
উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথালমোলজি অ্যান্ড হসপিটালের পরিচালক প্রফেসর ডা. খায়ের আহমেদ চৌধুরী, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এস.এম. মশিউল মুনীর, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল, বাংলাদেশ চক্ষু বিজ্ঞান সমিতির বৈজ্ঞানিক উপকমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. জেন আলম মৃধা, ডা. জহিরুল ইসলাম, ডা. এস.এম. এনামুল হক, শেবাচিম চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. জুয়েল এলিয়াস রব, বরিশাল সিভিল সার্জন ডা. এস.এম. মঞ্জুর-ই-এলাহী, সিনিয়র জনস্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জলিল, সিবিএম গ্লোবাল ডিজএবিলিটি ইনক্লুশনের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ জাহিদুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার মো. ফিরোজ রহমান, প্রোগ্রাম অফিসার সানজিদা সুলতানা, কোডেকের উপ-নির্বাহী পরিচালক কামাল সেনগুপ্ত, প্রকল্প ব্যবস্থাপক হিমানুর নাহার বিথী ও সিনিয়র টেকনিক্যাল অফিসার মো. আতিকুর রহমান আতিক।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন