চট্টগ্রামের হাটহাজারীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রান্ত দে (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চিকনদন্ডী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৌধুরীহাট এলাকায় শ্রীশ্রী ব্রহ্মানন্দ যোগাশ্রমের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রান্ত দে ওই ওয়ার্ডের বণিকপাড়ার কাঞ্চন দে’র ছেলে। সে ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে এসএসসি মডেল টেস্ট পরীক্ষা শেষে প্রান্ত বন্ধুদের সঙ্গে গোসল করতে পুকুরে নামে। তার সঙ্গে থাকা তিনজন বন্ধু সাঁতার কেটে উঠলেও প্রান্ত পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বিকেল ৩টার দিকে স্থানীয়রা মাছ ধরার জাল ফেলে পানির নিচ থেকে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয় একটি সেবাকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রান্ত অল্প সাঁতার জানলেও গভীর পানিতে গিয়ে ডুবে যায়।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। থানার এসআই আলতাফ হোসেন জানান, প্রান্তের শরীরে কোনো সন্দেহজনক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন