নাগরপুরে বিএনপির ৩১ দফা নিয়ে জনসভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৭:৪১ পিএম
নাগরপুরে বিএনপির ৩১ দফা নিয়ে জনসভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবির প্রচার কার্যক্রমের অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় লিফলেট বিতরণ ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মসূচিতে নেতৃত্ব দেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মো. আতিকুর রহমান আতিক।

বৃহস্পতিবার সারাদিন তিনি মোকনা ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন এবং পংবাইজোড়া হাটসহ বিভিন্ন এলাকায় প্রচার চালান। পরে বিকেলে ধুবড়িয়া ইউনিয়নে এক জনসভায় অংশ নেন তিনি।

জনসভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা কাজী শহীদুর রহমান শহীদ এবং সঞ্চালনা করেন ধুবড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া। সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. আতিকুর রহমান আতিক বলেন,“রাষ্ট্র মেরামতের ৩১ দফা শুধু বিএনপির নয়, এটি দেশের প্রতিটি নাগরিকের মুক্তি ও অধিকার পুনরুদ্ধারের দাবি। জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ করতেই আমরা এই প্রচার কার্যক্রম চালাচ্ছি।”

তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে বিএনপির ঘোষিত ৩১ দফাই বাস্তবসম্মত সমাধান। গণতান্ত্রিক অধিকার, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নজরুল ইসলাম, দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি, উপজেলা কৃষকদলের সভাপতি মো. হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. শহিদুর রহমান মনির, মো. নুরুল ইসলাম নুরু প্রমুখ।

এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ লিফলেট বিতরণ ও জনসভায় অংশ নেন।

ইএইচ