গাজীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৮:০৫ পিএম
গাজীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুনিশ্চিত করতে গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। 

বলেন, “দুর্গাপূজা কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে কিংবা গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে জেলা পুলিশ সতর্ক রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রোধে সাইবার ক্রাইম মনিটরিং সেলের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।”

পুলিশ সুপার আরও জানান, পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মতামত গ্রহণ করা হয় এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। একইসঙ্গে প্রাক-পূজা, পূজা চলাকালীন এবং পূজা-পরবর্তী সময়েও নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকেও সহযোগিতার আহ্বান জানানো হয়।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), ট্রাফিক ও গোয়েন্দা শাখার কর্মকর্তারা, গাজীপুর জেলা ও উপজেলার পূজা উদযাপন পরিষদ এবং পূজা উদযাপন ফ্রন্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইএইচ