আমাদের সম্পর্ক আত্মার, নির্বাচনের নয়: শামা ওবায়েদ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৮:৩৯ পিএম
আমাদের সম্পর্ক আত্মার, নির্বাচনের নয়: শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, “আপনাদের সঙ্গে আমার সম্পর্ক আত্মার সম্পর্ক, নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।”

সোমবার বিকেলে সালথা উপজেলা ওলামা দলের আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, “ইসলাম শান্তির ধর্ম। আমাদের শিক্ষা দেওয়া হয়েছে যে, অন্য ধর্মের ভাই-বোন ও মুরুব্বিদেরও আমরা সমপরিমাণ শ্রদ্ধা করি। তাদেরকে ভাই ও বোন মনে করতে হবে।”

তিনি আরও বলেন, “সালথা উপজেলায় আমরা সকল ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের দিকে এগোতে চাই। নির্বাচন কমিশন যে রোডম্যাপ দিয়েছে, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনেও সকলে ঐক্যবদ্ধ থাকতে পারা উচিত। এটি আমাদের সম্পর্কের মূল ভিত্তি হওয়া উচিত।”

আলেম ওলামাদের উদ্দেশ্যে তিনি বলেন, “প্রত্যেক মসজিদ ও মাদ্রাসার মধ্যে ঐক্য সৃষ্টি করুন এবং বিভিন্ন ইউনিয়নে শক্তিশালী দল গঠন করুন।”

ভাঙ্গা উপজেলার সাধারণ জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, “ভাঙ্গা এলাকায় ফ্যাসীবাদের দোসররা অগ্নিসংযোগ ও প্রশাসনের গাড়ি ভাঙচুর করছে, যা সাধারণ জনগণের কাজ নয়। যারা মাঠে ছিলেন, তারা কখনো এই ধরনের কাজ করেননি। তাই আমি ভাঙ্গা উপজেলার সাধারণ মানুষকে ধৈর্য ধরতে এবং আল্লাহর ওপর ভরসা রাখতে বলছি। নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই সুষ্ঠু সমাধান দিবে।”

কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. দেলোয়ার হোসেন জিল্লু, সঞ্চালনা করেন সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাওলানা মুহাম্মদ মাসুম বিল্লাহ, মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ নিজামুদ্দিন, নগরকান্দা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি মামুন আব্দুল্লাহ, বিশিষ্ট আলেমেদ্বীন মুফতি আব্দুল্লাহ মো. রেজাউল হক, জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা ইমদাদুল হক, সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ প্রমুখ। এছাড়া সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

ইএইচ