নিখোঁজের এক সপ্তাহ পর জাফলং থেকে পর্যটকের লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৩:০১ পিএম
নিখোঁজের এক সপ্তাহ পর জাফলং থেকে পর্যটকের লাশ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাটের জাফলং পর্যটনকেন্দ্রে নিখোঁজের এক সপ্তাহ পর ভেসে উঠেছে আবু সুফিয়ান (২৬) নামের এক পর্যটকের লাশ।

মঙ্গলবার সকালে জাফলংয়ের বল্লাঘাট খেয়াঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে গোয়াইনঘাট থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন,“মঙ্গলবার সকালে স্থানীয়দের সহায়তায় পানিতে ভেসে ওঠা মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

নিহত আবু সুফিয়ান গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রনিক মেকানিক ছিলেন।

এর আগে গত বুধবার বিকেলে জাফলং জিরোপয়েন্ট ঝর্নার ঘাট এলাকায় সাঁতার কাটতে গিয়ে স্রোতের টানে তলিয়ে যান সুফিয়ান। সেদিন তিনি আরও ৭ জন সঙ্গীর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। স্রোতে ভেসে গেলেও বাকিরা তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন সুফিয়ান। খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। এক সপ্তাহ পর বল্লাঘাট এলাকায় তার মরদেহ ভেসে ওঠে।

ইএইচ