কালিয়াকৈরের কিশোর গ্যাং নেতা ‘পিচ্চি আকাশ’ গ্রেপ্তার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৪:৫৪ পিএম
কালিয়াকৈরের কিশোর গ্যাং নেতা ‘পিচ্চি আকাশ’ গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরের আলোচিত ১২ মামলার আসামি কিশোর গ্যাং নেতা পিচ্চি আকাশ (২৭) এবং তার সহযোগী সৌরভকে (২৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়ালও উদ্ধার করা হয়।

মঙ্গলবার গভীর রাতে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় র‍্যাব-১ ও র‍্যাব-১৪ এর যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব জানায়, ২০২৪ সালের ২১ ডিসেম্বর কালিয়াকৈর থানার উলুসারা গ্রামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় পিচ্চি আকাশসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে নিহতের পরিবার। ঘটনার পর থেকেই র‍্যাব একটি বিশেষ দল ছায়াতদন্ত শুরু করে। গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

র‍্যাবের আরও তথ্য অনুযায়ী, গ্রেপ্তার পিচ্চি আকাশের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি ও হত্যাসহ মোট ১২টি মামলা রয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, গ্রেপ্তারের পর র‍্যাব পিচ্চি আকাশকে থানায় হস্তান্তর করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

ইএইচ