শিক্ষার্থীদের দুর্ভোগ

চৌবাড়ী ড. সালাম জাহানারা ডিগ্রি কলেজ মাঠে জলাবদ্ধতা

ইয়াছিন কবির, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০২:০৪ পিএম
চৌবাড়ী ড. সালাম জাহানারা ডিগ্রি কলেজ মাঠে জলাবদ্ধতা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত চৌবাড়ী ড. সালাম জাহানারা ডিগ্রি কলেজের মাঠে সামান্য বৃষ্টিতেই তীব্র জলাবদ্ধতার সমস্যা দেখা দিচ্ছে। ফলে শিক্ষার্থীরা খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে। কলেজটি গ্রামীণ অঞ্চলে হলেও শিক্ষার মান ভালো। তবে মাঠটি নিচু হওয়ায় প্রায় সারাবছরই পানি জমে থাকে।

কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা অভিযোগ করেছেন, মাঠের সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেও পানি দীর্ঘসময় ধরে স্থায়ী হয়। এতে কলেজে যাতায়াতসহ নানা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, মাঠের মাটি ভরাট করে উঁচু করা ও সঠিক ড্রেনেজ ব্যবস্থা করা গেলে সমস্যা সমাধান সম্ভব। তারা দ্রুত কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

কলেজের অধ্যক্ষ মো. জোনায়েদ হোসেন বলেন, বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনার মধ্যে রয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত হলে দ্রুত মাঠ সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ