চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ভেল্লাপাড়া এলাকায় মিনিবাসের চাপায় জাহেদা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহেদা বেগম উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম ২নং ওয়ার্ডের বাসিন্দা ও আলী ইমরানের স্ত্রী।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে; তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী রায়হান জানান, চট্টগ্রামমুখী একটি মিনিবাস হঠাৎ ব্রেক ফেললে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এ সময় একজন নারী ঘটনাস্থলেই বাসের নিচে চাপা পড়ে মারা যান এবং আরও কয়েকজন গুরুতর আহত হন।
পটিয়া হাইওয়ে থানার সার্জেন্ট আলাউদ্দিন বলেন, “সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনায় একজন নারী নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িটি জব্দ করে থানায় আনা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন