নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, বাংলাদেশের প্রথম যাত্রা শুরু হয়েছিল মেহেরপুর থেকে। এ জন্য আমরা গর্বিত। তাই মেহেরপুর সব সময় এক নম্বরে থাকা উচিত। জেলার শিক্ষা, স্বাস্থ্য ও আর্থসামাজিক উন্নয়ন সারা দেশের জন্য মডেল হবে—এ লক্ষ্যেই সবাইকে এগিয়ে আসতে হবে। প্রতিটি কাজকে দায়িত্বশীলভাবে গ্রহণ করতে হবে।
বলেন, “স্বাস্থ্য, শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে মেহেরপুর একদিন দৃষ্টান্ত স্থাপন করবে এবং উন্নয়নের দ্বারপ্রান্তে পৌঁছাবে।”
শুক্রবার বিকেলে ৭৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আটতলা নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. বদিউল আলম মজুমদার আরও বলেন, “আমরা দেখতে পাচ্ছি চিকিৎসকরা কমিশন বাণিজ্যে ব্যস্ত হয়ে পড়েছেন। এটি রোধ করতে হবে। নাহলে সাধারণ মানুষ সুচিকিৎসা থেকে বঞ্চিত হবেন। এখানে জনপ্রশাসন সচিব, স্বাস্থ্যসচিব, পরিকল্পনা সচিব অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। আশা করি তা দ্রুত বাস্তবায়ন হবে। আমি এক বছর পর এসে দেখব, এই হাসপাতাল নিজে রোগী কিনা সুস্থ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান, পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইউ সচিব মো. কামাল উদ্দীন, খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর, খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. মজিবুর রহমান এবং খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক।
এছাড়া উপস্থিত ছিলেন- মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, সিভিল সার্জন ডা. এ.কে.এম. আবু সাইদ, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শাহরিয়া শাইলা জাহান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন এবং জেলা জামায়াতের আমির তাজউদ্দিন খান।
এ সময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে অতিথিরা মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন ভবনের ফলক উন্মোচন করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন