ছোট ফেনী নদীর ভাঙ্গন রোধে ম্যারাথন-মানববন্ধন করেছেন ফেনীর দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার বাসিন্দারা।
শনিবার ভোর ৬টার দিকে সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের তালতলী থেকে শুরু হওয়া ম্যারাথনে এলাকার বিভিন্ন বয়সী অর্ধশত ব্যক্তি অংশ নেন।
“নদী ভাঙন রোধে হাঁটি একসাথে” স্লোগান নিয়ে এ মিনি ম্যারাথনের আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন পরিবর্তন ক্লাব। ম্যারাথনটি দাগনভূঞা পৌর শহরের আতাতুর্ক স্কুল মার্কেটের সামনে মানববন্ধনে মিলিত হয়।
পরিবর্তন ক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য ওমর ফারুক, ভুক্তভোগী আবুল কাশেম, পরিবর্তন ক্লাবের সাবেক সভাপতি ব্যাংকার মাহফুজুর রহমান সজিব।
সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সমকাল প্রতিনিধি ইমাম হাসান কচি, সংগ্রাম প্রতিনিধি এম তাহের, নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা সাধারণ সম্পাদক এমএম রহমান সোহেল।
মানববন্ধনে বক্তারা বলেন, মুছাপুর ক্লোজার ভেঙ্গে যাওয়ায় ১১২ কিলোমিটার নদীপাড় ভেঙ্গে জলপথ, স্কুলকলেজ, বসতভিটা সবকিছু আস্তে আস্তে বিলীন হচ্ছে। মানুষের সভ্যতা, সাংস্কৃতিক, স্বপ্ন বিলীন হয়ে যাচ্ছে।
নদী শাসন করা হলেও সমস্যা সমাধানের হন্য স্লুইসগেট নির্মাণ জরুরী। সরকারের ঊর্ধ্বতন মহলের কাছে দ্রুত স্লুইস গেট নির্মাণে ব্যবস্থা গ্রহেণের দাবি জানাই।
তারা আরও বলেন, নদী ভাঙনে দাগনভূঞার মানচিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে। জগতপুর, মমারিজপুর সহ প্রত্যন্ত অঞ্চলগুলো গ্রাস করে যাচ্ছে। তালতলী বাজার, মিয়াজীর ঘাট, ফাজিলের ঘাট স্কুল বিলীনের পথে।
মুছাপুর ক্লোজার তিন জেলার মরণ ফাঁদে পরিণত হয়েছে। সেনাবাহিনীর মাধ্যমে দ্রুত নির্মাণের জোর দাবি জানান তারা।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন