প্রস্তাবিত কুমিল্লা বিভাগের সঙ্গে ফেনী জেলাকে অন্তর্ভুক্ত না করে পূর্বের মতো চট্টগ্রাম বিভাগের অধীন রাখার দাবিতে মানববন্ধন করেছে ‘আমরা গর্বিত আমরা ফেনীর সন্তান’ নামের একটি সামাজিক সংগঠন।
শনিবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সদস্য আনোয়ারুল আহসান জসিমের সভাপতিত্বে এবং উপদেষ্টা মোর্শেদ হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় সদস্য শাহ আলম বাদল, বিএনপি নেতা অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব মো. মহিউদ্দিন, ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সমীর কর, গণঅধিকার পরিষদ ফেনী জেলা সাধারণ সম্পাদক রেজাউল করিম সুজন এবং গণমাধ্যমকর্মী নুর তানজিলা প্রমুখ।
বক্তারা বলেন, “আমরা ফেনীর মানুষ কুমিল্লার সঙ্গে থাকতে চাই না, চট্টগ্রামের সঙ্গেই থাকতে চাই। চট্টগ্রামের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সামাজিক, পারিবারিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। যোগাযোগ ব্যবস্থাও সহজ। চট্টগ্রাম দেশের সাংস্কৃতিক ও বাণিজ্যিক রাজধানী। কুমিল্লার সঙ্গে আমাদের তেমন কোনো সম্পর্ক নেই। তাই আমরা চাই, ফেনী চট্টগ্রাম বিভাগের অধীনেই থাকুক।”
তারা আরও বলেন, “এই দাবির পক্ষে জনমত গড়ে তুলতেই আমরা আজ রাস্তায় নেমেছি।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন