মই বেয়ে পার হতে হয় ২৭ লাখ টাকার সেতু

আরিফ হোসেন, বরিশাল ব্যুরো প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ১০:৩৪ পিএম
মই বেয়ে পার হতে হয় ২৭ লাখ টাকার সেতু

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল এলাকায় ২৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু দিয়ে এখনো সংযোগ সড়ক তৈরি হয়নি। ফলে স্থানীয়রা বাঁশের মই ব্যবহার করে সেতুটি পার হচ্ছেন। 

এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী ও বয়স্করা। দুর্ঘটনার শিকারও হচ্ছেন অনেকে।

সরেজমিনে দেখা গেছে, খালের ওপর নির্মিত সেতুটি দাঁড়িয়ে আছে সংযোগ সড়ক ছাড়াই। দুপাশে রাখা রয়েছে বাঁশের মই। এই মই বেয়ে প্রতিদিন শত শত মানুষ সেতুটি পার হচ্ছেন। 

শুকনা মৌসুমে মই ব্যবহার করে উঠতে হয়, আর বর্ষায় সেতুর নিচ দিয়ে পানি প্রবাহিত হওয়ায় বিড়ম্বনা আরও বেড়ে যায়।

এলাকাবাসী অভিযোগ করেছেন, সেতুটি নির্মাণের পরও সংযোগ সড়ক না করায় তাদের ভোগান্তি বাড়ছে। বিশেষ করে বাশাইল কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে মই বেয়ে সেতু পার হন। অনেক সময় পানিতে পড়ে বইপত্র ও পোশাক নষ্ট হওয়ার ঘটনাও ঘটে।

স্থানীয় ইউপি সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন, “২৭ লাখ টাকা দিয়ে যদি মই বেয়ে পার হতে হয়, তবে এ সেতুর প্রয়োজন কী ছিল? মই দিয়ে তো বাইসাইকেল, রিকশা, ভ্যান বা মোটরসাইকেল পারাপার সম্ভব নয়। দ্রুত সেতুর দুপাশে মাটি ভরাটের ব্যবস্থা করা জরুরি।”

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা জানান, “টেন্ডারটি আমার আগে হয়েছে। তবে আমি বিষয়টি সরেজমিনে দেখে দ্রুত সেতুর সংযোগ সড়ক নির্মাণের ব্যবস্থা করব। মানুষের ভোগান্তি দূর করতেই সেতুটি নির্মাণ করা হয়েছে।”

কাজের ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মো. বাদল হোসেন বলেন, “আমার প্রতিষ্ঠানের নামে টেন্ডার হলেও আমি কাজ করিনি। যারা কাজ করেছে, তাদের সঙ্গে যোগাযোগ করে সেতুর সংযোগ সড়ক নির্মাণের ব্যবস্থা করব।”

ইএইচ