ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বড় খেলার মাঠে রাখা ব্যক্তিমালিকানাধীন স্যানিটারি সামগ্রী, ইটের খোয়া ও জ্বালানি লাকড়ি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অপসারণ করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সালাউদ্দিন বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মো. জাহাঙ্গীর আলম এবং ঈশ্বরগঞ্জ থানার এসআই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম।
স্থানীয়রা জানান, মাঠে এসব সামগ্রী রাখার কারণে খেলাধুলায় বিঘ্ন ঘটছিল। শিশু-কিশোররা খেলতে গিয়ে আহত হওয়ার ঝুঁকিতে পড়ছিল এবং ফুটবলসহ অন্যান্য খেলার সরঞ্জামও নষ্ট হচ্ছিল। বারবার সতর্ক করা হলেও মালিকপক্ষ বিষয়টি আমলে নেয়নি। তাই ভ্রাম্যমাণ আদালত মাঠ থেকে এসব সামগ্রী সরানোর নির্দেশ দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সালাউদ্দিন বিশ্বাস বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠে ব্যক্তিগত সামগ্রী রাখার অধিকার কারও নেই। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে এই পদক্ষেপ জরুরি ছিল। ভবিষ্যতেও মাঠের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন