কক্সবাজারের চকরিয়া পৌরশহরের প্রাণকেন্দ্র বক্স রোডের দু’পাশে গত দুই দিন ধরে জমে আছে বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা। সড়কের বিভিন্ন মোড়ে ও ফুটপাতজুড়ে ছড়িয়ে থাকা এসব আবর্জনা থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। এতে প্রতিদিন বাজারে আসা ক্রেতা, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা পড়েছেন চরম দুর্ভোগে।
রাস্তার পাশে দোকান করা ব্যবসায়ী রাফিক বলেন, “ময়লার দুর্গন্ধে দোকানে বসা কষ্টকর হয়ে উঠেছে। ক্রেতারাও নাক চেপে দ্রুত চলে যান। পৌরসভা যদি নিয়মিত পরিষ্কার করত, আমাদের এই ভোগান্তি পোহাতে হতো না।”
পথচারীরাও জানান, নোংরা-আবর্জনার কারণে হাঁটাচলার সময় নাক চেপে চলতে হচ্ছে। এতে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।
এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, “এ বিষয়ে পৌরসভাকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।”
স্থানীয় সচেতন মহল জানায়, পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মী থাকা সত্ত্বেও নিয়মিত ময়লা অপসারণ করা হচ্ছে না। অবহেলার কারণে বক্স রোডজুড়ে তৈরি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
দ্রুত ময়লা পরিষ্কার করে সড়ক ও আশপাশের এলাকা স্বাভাবিক রাখতে পৌর প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন