কুষ্টিয়ার ভেড়ামারার পল্লীতে চার মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে সংযোগ বিচ্ছিন্ন করার পর এক পল্লী বিদ্যুৎ কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।
পাশাপাশি লাইনম্যানকে বেধড়ক মারপিট ও অস্ত্রের বাটদিয়ে আঘাত করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন লাইনম্যান সোহাগ মিয়া (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের বিদ্যুৎ গ্রাহক তাজমল হোসেনের বাড়ির মিটারে জুন, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের চার মাসের বিল বকেয়া ছিল।
মঙ্গলবার সকাল ১১টায় বকেয়া বিল পরিশোধ না করার কারণে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যানরা বাড়িতে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন।
এ সময় গ্রাহকের ছেলে আব্দুর রহিম (২৫) ক্ষিপ্ত হয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে লাইনম্যানদের লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রুষ্ট হলে, পরে অস্ত্রের বাটদিয়ে লাইনম্যান সোহাগ মিয়াকে আঘাত করে গুরুতর আহত করে। স্থানীয়রা আহত লাইনম্যানকে উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভেড়ামারা পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম মো. জাহাঙ্গীর আলম জানান, নিয়ম অনুযায়ী সংযোগ বিচ্ছিন্নের কারণে এই হামলা ঘটেছে। তিনি বলছেন, ঘটনার দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে অবগত করা হয়েছে।
ভেড়ামারা থানায় এ ঘটনায় বাদী হয়ে মো. আকরাম হোসেন (এজিএম, ওএন্ডএম, ভেড়ামারা জোনাল অফিস) আব্দুর রহিমকে আসামী করে মামলা নং ১৮, তারিখ ২৩/৯/২৫ দায়ের করেছেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন