উত্তরা ইপিজেডে নিহত শ্রমিকের পরিবারকে ৫ লাখ টাকা অনুদান দিয়েছে এভারগ্রিন প্রোডাক্টস

আল-আমিন, নীলফামারী প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৬:২৭ পিএম
উত্তরা ইপিজেডে নিহত শ্রমিকের পরিবারকে ৫ লাখ টাকা অনুদান দিয়েছে এভারগ্রিন প্রোডাক্টস

নীলফামারীর উত্তরা ইপিজেডে নিহত শ্রমিক হাবিবুর রহমানের পরিবারকে আবারও ৫ লাখ টাকা অনুদান দিয়েছে এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লিমিটেড।

এ সংস্থাটি ইতিমধ্যেই নিহত শ্রমিকের পরিবারকে মোট ৭ লাখ টাকা অনুদান দিয়েছে।

নিহত হাবিবুরের পরিবারের হাতে এই অর্থ তুলে দেন এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লিমিটেডের চেয়ারম্যান মি. ফেলিক্স ওয়াই.সি. চ্যাং। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এর নির্বাহী পরিচালক (ইডি) মোহাম্মদ আব্দুল জব্বার, এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লিমিটেডের প্রশাসন ও সহায়তা ইনচার্জ মি. লি তাই পেং এবং জেনারেল ম্যানেজার মোহাম্মদ শামীম উদ্দিন।

এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লিমিটেডের জেনারেল ম্যানেজার মোহাম্মদ শামীম উদ্দিন জানান, “এভারগ্রিন ২০১০ সালে উত্তরা ইপিজেডে যাত্রা শুরু করেছে। এটি হংকংভিত্তিক একটি কোম্পানি। এখানে প্রায় ১০ হাজার কর্মী নিয়োজিত, যার ৮০ শতাংশই নারী। কোম্পানি উন্নত মানের উইগ, চুলের টুকরো, জাম্বো ব্রেইড এবং চুলের এক্সটেনশন তৈরি করে বিশ্ববাজারে রপ্তানি করে। আমরা হাবিবুর রহমানের অপ্রত্যাশিত মৃত্যুতে মর্মাহত। দ্বিতীয়বারের মতো আমরা নিহত শ্রমিকের পরিবারকে ৫ লাখ টাকা অনুদান প্রদান করেছি এবং আহত অন্যান্য শ্রমিকের চিকিৎসার খরচও বহন করছি। এছাড়া প্রতি বছর ৬৫ বছরের ঊর্ধ্বে অসহায় বৃদ্ধদের মধ্যে চাল বিতরণে কোম্পানি ১ কোটি টাকা ব্যয় করে থাকে।”

বেপজার নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, “উত্তরা ইপিজেডে চীন, হংকং এবং যুক্তরাজ্যসহ মোট ৩৩টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে ২৬টি বর্তমানে চালু। ১৭ জন বিদেশি বিনিয়োগকারী এখানে ২২৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছেন। মোট বিনিয়োগের পরিমাণ ২৭৫.৯ মিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে এই ইপিজেডে প্রায় ৩৫,০০০ কর্মী নিযুক্ত, যার ৭৫ শতাংশ নারী। উত্তরা ইপিজেড উত্তরাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এবং বিদেশি বিনিয়োগকারীরাও এ অঞ্চলে আরও বিনিয়োগের পরিকল্পনা করছেন।”

উল্লেখ্য, হাবিবুর রহমান নীলফামারী উত্তরা ইপিজেডের ইকু ইন্টারন্যাশনাল বুনন কারখানার কর্মচারী ছিলেন।

সম্প্রতি ইপিজেডে কারখানা বন্ধ এবং শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে শ্রমিক ও আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সংঘর্ষের সময় তিনি নিহত হন।

নীলফামারী উত্তরা ইপিজেড স্থাপিত হওয়ার পর থেকেই এ অঞ্চলে উল্লেখযোগ্য উন্নয়নের ছোঁয়া লেগেছে।

ইএইচ