নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের এমপি নজরুল ইসলাম আজাদ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর দোয়া নিয়ে একটি সমৃদ্ধশালী ও প্রগতিশীল আড়াইহাজার গড়ব। এ বিষয়ে তিনি আড়াইহাজারের সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
এমপি নজরুল ইসলাম আজাদ শনিবার (১৮ জুলাই) উপজেলার পৃথক স্থানে বেশ কয়েকটি উন্নয়ন কর্মকাণ্ড উদ্বোধন ও পরিদর্শন শেষে আড়াইহাজার উপজেলা হলরুমে ১৬৫টি ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ১ কোটি ৬৫ লাখ টাকা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নজরুল ইসলাম আজাদ আরও বলেন, প্রধানমন্ত্রীর স্লোগান ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’- এ স্লোগানকে সামনে রেখে সবাইকে অক্লান্ত পরিশ্রম করে দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন করতে হবে।
এর আগে এমপি আজাদ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত আড়াইহাজার-পুরিন্দা সড়কের শুভ উদ্বোধন করেন এবং প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পাঁচগাঁও এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি একই দিনে আড়াইহাজার উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সৌন্দর্যবর্ধন কাজেরও উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী মো. রাকিবুল ইসলাম রাকিব, এলজিইডি নারায়ণগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. আহসানুজ্জামান, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন