টঙ্গীতে রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় মালিকদের বিরুদ্ধে মামলা

টিটন কুমার ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৫:৪৯ পিএম
টঙ্গীতে রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় মালিকদের বিরুদ্ধে মামলা

গাজীপুরের টঙ্গীতে ফেমাস কেমিক্যাল লিমিটেডের রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় এ পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনজনসহ মোট চারজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের ঢাকা জোন ৩-এর উপ-সহকারী পরিচালক আব্দুল মান্নান বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেছেন। 

মামলায় রাসায়নিক গুদামটির মালিকানায় থাকা ইসমাইল হোসেন (৪২), সোলাইমান (৩৫), তাজুল ইসলাম (৪০) ও রাকিবকে (৩৮) নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ফায়ার ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার শামীম আহমেদ ও নুরুল হুদার মৃত্যু হয়। একই ঘটনায় আগুনে দগ্ধ হয়ে পার্শ্ববর্তী দোকানের কর্মচারী বাবু হাউলাদারেরও (২০) মৃত্যু হয়।

ইএইচ