তারেক রহমান তিন মাস আগেই মনোনয়ন দিয়েছেন, দাবি নুরুল ইসলাম মনির

সুমন মোল্লা, পাথরঘাটা (বরগুনা) প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০২:৫৮ পিএম
তারেক রহমান তিন মাস আগেই মনোনয়ন দিয়েছেন, দাবি নুরুল ইসলাম মনির

বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি দাবি করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে তিন মাস আগেই মনোনয়ন দিয়েছেন। শুধু তাই নয়, বরিশাল বিভাগের কারা কারা মনোনয়ন পেতে পারেন—সেসব নামের একটি তালিকাও তার কাছে চাওয়া হয়েছে বলে জানান তিনি।

সোমবার সকাল ১০টার দিকে নাচনাপাড়া ইউনিয়নের মাযহার উদ্দিন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে সম্মানিত আলেম-ওলামাদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম মনি বলেন, স্বাধীনতার পর থেকে পাথরঘাটায় মন্ত্রী হওয়ার সুযোগ কারো আসেনি। এখন যে সুযোগ এসেছে, তা কেউ যেন হাতছাড়া না করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও কিছু বিতর্কিত প্রশ্ন উত্থাপন করেন। তিনি জানতে চান—দাড়ি-পাল্লায় ভোট দিলে কি জান্নাতে যাওয়া যাবে, আর না দিলে কি জাহান্নামে যেতে হবে? এছাড়া তিনি প্রশ্ন রাখেন—কোনো স্ত্রী যদি স্বামীর কথা না মেনে ইসলামিক দলের প্রতীকে ভোট না দিয়ে অন্য প্রতীকে ভোট দেন, তবে কি সেই নারী জাহান্নামে যাবে?

এ সময় তিনি আরও বলেন, ভিডিওতে দেখলাম, হাতপাখায় ভোট দিলে নাকি ভোট যাবে আল্লাহর রাসূলের কাছে। এসব দল চাচ্ছে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে। তারা চায় সময়মতো নির্বাচন না হোক। আর যদি নির্বাচন বিলম্ব হয়, তাহলে ফাঁক দিয়ে ভারত ঢুকে পড়বে।

এই অনুষ্ঠানে জেলা ও উপজেলা ওলামা দলের সভাপতি, সম্পাদকসহ কয়েক শতাধিক ওলামা উপস্থিত ছিলেন। সভায় তারা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মাওলানা শাহজালাল রুমি বলেন, পিআর পদ্ধতি ইসলাম কখনও সমর্থন করেনি। কিছু নেতা তাদের স্বার্থ অনুযায়ী ইসলামকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে।

ইএইচ