চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় মোবাইলে লুডু খেলা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিবেশী রায়হান তার মোবাইলে লুডু খেলতে প্রতিবেশী ইমনকে ডাকতে গেলে ইমন খেলতে অস্বীকৃতি জানায় এবং তাকে চলে যেতে বলে। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে রায়হান জানায়, সে বিকালে বিষয়টি নিয়ে বৈঠক ডাকবে।
এ সময় রায়হানের মা জাহেদা তাদের বাড়ি থেকে বের করে মারধর করার কথা বলেন বলে অভিযোগ পাওয়া যায়। পরে ইমনের বাবা জাফর (৪৮) বাজার থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নিহতের স্ত্রী রুনা অভিযোগ করেন, রায়হান ও তার মা জাহেদা ইট দিয়ে জাফরের ওপর আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মোবাইল গেম লুডু খেলা নিয়ে প্রথমে দুই শিশুর মধ্যে ঝগড়া হয়। পরে বিষয়টি বড়দের মধ্যে ছড়িয়ে পড়ে এবং হাতাহাতির ঘটনা ঘটে।
মীরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পোলমোগরা গ্রামের তাজু সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জাফর (৪৮) ওই গ্রামের মৃত বদিউল আলমের ছেলে।
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বাঁধন দাস জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকে তার মৃত্যু হতে পারে।
মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, লুডু খেলা নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এক পর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে জাফরকে মৃত ঘোষণা করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় রায়হান ও তার মা জাহেদাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন