মাটিরাঙ্গায় বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৪:৪২ পিএম
মাটিরাঙ্গায় বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালা গ্রামের মারমা স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সৃষ্ট জেলার বিভিন্ন উপজেলার চলমান বিরাজমান পরিস্থিতিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ আইন-শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, মাটিরাঙ্গা সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ওয়াজেদ আলী, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ তৌফিকুল ইসলাম, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য জয়া ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বদি, মাটিরাঙ্গা উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুল জলিল, মাওলানা হাফেজ হারুন অর রশিদ, হেডম্যান প্রতিনিধি ত্রিদিব নারায়ন ত্রিপুরা, মারমা প্রতিনিধি মংসাই থোয়াই মারমা ও অংফ্রু চৌধুরী, ত্রিপুরা প্রতিনিধি নারায়ন ত্রিপুরা, চাকমা প্রতিনিধি সুনিল চাকমা, খ্রিস্টান প্রতিনিধি বীরো মহন ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি জেলা বিএনপি সহ সভাপতি আবু ইউসুপ চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহাম্মদ চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমানসহ উপজেলায় বসবাসরত সকল সম্প্রদায়ের নেতৃবৃন্দ গণ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা বলেন, খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালা গ্রামের মারমা স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবসমাজের দেওয়া অবরোধে অগ্নিসংযোগ, বিভিন্ন প্রতিষ্ঠানের ভাঙচুর ও সাধারণ মানুষের জানমাল ক্ষতি থেকে রক্ষার জন্য মাটিরাঙ্গায় শান্তি, সহাবস্থান, সকল ধর্ম, জাতি ও সম্প্রদায়ের মানুষকে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতিতে শান্তি ও সৌহার্দ্যের পথে এগিয়ে নিতে মানবিক মূল্যবোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বা অন্য কোনো গুজবে কান দেবেন না। কোথাও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে অবহিত করুন। এলাকার সার্বিক পরিস্থিতি শান্ত রাখতে ও গুজব রোধে সকল সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা।

ইএইচ