সীমান্তবর্তী এলাকার পূজা মণ্ডপে বিজিবি মোতায়েন

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ১১:৩৯ এএম
সীমান্তবর্তী এলাকার পূজা মণ্ডপে বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষ্যে কুড়িগ্রামের সীমান্তবর্তী ৮ কিলোমিটার এর মধ্যে অবস্থিত পূজামণ্ডপসহ জেলার বিভিন্ন মণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকার ৮ কি. মি. এর মধ্যে অবস্থিত পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিজিবি সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। এছাড়াও ব্যাটালিয়ন সদর হতে কুড়িগ্রাম পৌরসভা এলাকায় অবস্থিত পূজা মণ্ডপগুলোর নিরাপত্তায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে। দুর্গা পূজা উপলক্ষ্যে কুড়িগ্রাম ব্যাটালিয়ন হতে সর্বমোট ৫ প্লাটুন ১ সেকশন বিজিবি সদস্য নিয়োগ করা হয়েছে।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক পিএসসি জানান, বিজিবি নিয়মিত পূজা মণ্ডপগুলো পরিদর্শনসহ পূজা মণ্ডপ কমিটির সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

অপরদিকে, বিজিবি অন্যান্য বাহিনীর যেমন সেনাবাহিনী, পুলিশ ও আনসারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ সমন্বয়ের মাধ্যমেও কার্যক্রম পরিচালিত করছে। যার ফলশ্রুতিতে অদ্যাবধি পর্যন্ত কুড়িগ্রাম জেলায় পূজা মণ্ডপের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হয়নি।

জেএইচআর