মধুপুরে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত

আ. হামিদ, (মধুপুর) টাঙ্গাইল প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ০৭:১৯ পিএম
মধুপুরে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত

টাঙ্গাইলের মধুপুরে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত ও তার স্ত্রী আহত হয়েছেন।

বুধবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে মধুপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কের কাইতকাই রুপালী ফিলিং স্টেশনের সামনে।

মধুপুর উপজেলা ফায়ার স্টেশন অফিসার মোহাম্মদ বোরহান আলী জানান, দুপুর ১২টার সময় মোবাইল নাম্বার-৯৯৯ থেকে খবর আসে যে, রুপালী ফিলিং স্টেশন সামনে জামালপুর রোড, মধুপুরে একটি সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১১-০০০৭) মধুপুর থেকে জামালপুর যাওয়ার পথে পিছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক কাভার্ড ভ্যানের পিছনের চাকার মধ্যে আটকা পড়েন।

সংবাদ পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিহত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে বডি ব্যাগে মধুপুর থানার সাব-ইন্সপেক্টর জিয়াউল হকের নিকট হস্তান্তর করেন। নিহত ব্যক্তি জামালপুর জেলার সরিষাবাড়ি এলাকার আপন মিয়া (২২) এবং আহত হয়েছেন তার স্ত্রী মোছাঃ ফারজানা আক্তার।

মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির জানান, কাভার্ড ভ্যানটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ইএইচ