গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪৪ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের উপপরিদর্শক এমানুল হকের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক মোস্তাফিজার রহমানসহ একটি টিম উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ বুলবুল মিয়াকে (৩৩) আটক করেন। তিনি ওই গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
অপরদিকে, এদিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোস্তফা জামানের নেতৃত্বে উপপরিদর্শক জুয়েল ইসলাম, সহকারী উপপরিদর্শক আবু বক্কর সিদ্দিকসহ একটি টিম পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে ৪৪ বোতল ফেনসিডিলসহ সুমন মিয়া (৪৫) ও তার স্ত্রী আঞ্জুয়ারা বেগমকে (৩৮) আটক করে। সুমন মিয়া ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মো. শাহ্-নেওয়াজ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ৩ জনের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন