হাটহাজারীতে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০৩:২৮ পিএম
হাটহাজারীতে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক পারাপার হতে গিয়ে বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় অলি আহ্মদ (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে পৌর সদরের শেরে বাংলা মাজার গেইট এলাকায় হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের উপর ঘটনাটি ঘটে। নিহত অলি আহ্মদ পৌরসভার আজিম পাড়া এলাকার বাসিন্দা।

জানা গেছে, মাজার সংলগ্ন জামে মসজিদ থেকে নামাজ আদায় করে বের হয়ে সড়ক পারাপার হওয়ার সময় সিএনজি চালিত একটি অটোরিকশা এসে অলি আহ্মদকে সজোরে ধাক্কা দেয় এবং দ্রুত চলে যায়। এতে গুরুতর আহত হন অলি আহ্মদ। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুঠোফোনে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি কোন গাড়ি তাকে ধাক্কা দিয়েছে। পুলিশ ঘাতক গাড়ী সনাক্তের জন্য কাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

ইএইচ