সারা দেশের ন্যায় পিরোজপুরেও বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কর্মবিরতি পালন করা হয়।
রোববার পিরোজপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন পিরোজপুর সদর উপজেলা শাখার আয়োজনে উক্ত কর্মবিরতি পালন করা হয়।
বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অধীনস্থ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)সহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার কাজে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের দাবিকৃত নিয়োগবিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং ও ১৪তম গ্রেডে আপগ্রেডেশনসহ ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ইপিআই, আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেইনসহ সকল প্রকার কার্যক্রম গত ১ অক্টোবর থেকে বর্জন করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাগর শিকদার, সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, সাংগঠনিক সম্পাদক শামীম হাসান খান, প্রচার সম্পাদক সালমা সুলতানা, কোষাধ্যক্ষ জেসমিন আক্তার, সহ-সভাপতি বিনয় কৃষ্ণ পাল, মরিয়ম বেগম প্রমুখ।
এ সময় তারা বলেন, সারা দেশের ন্যায় পিরোজপুরেও আমরা এই কর্মবিরতি পালন করছি। আমাদের মোট ছয়টা দাবি। বিগত দিনেও আমাদের বিভিন্ন রকমের আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু তার প্রতিফলন ঘটেনি। এবার প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের দাবিগুলো পূরণ করলেই আমরা আমাদের স্ব স্ব কর্মস্থলে ফিরে যাবো।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন