কুষ্টিয়ায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময়

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৩:১০ পিএম
কুষ্টিয়ায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে জেলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকাল ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কুষ্টিয়া ও যশোর জেলা টিম লিডার অধ্যক্ষ খন্দকার এ. কে. এম. আলী মুহসিন। 

বক্তব্য রাখেন অধ্যাপক ফরহাদ হোসেন, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমীর হামজা, জামায়াতের জেলা নায়েবে আমীর কুষ্টিয়া-২ আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক সুজা উদ্দীন জোয়াদ্দারসহ জামায়াতের নেতৃবৃন্দ।

সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু জোবায়েদ মনি রিপন, তৌহিদুল ইসলাম সিপলু, সাজ্জাদ রানা প্রমুখ।

জামায়াতের নেতৃবৃন্দ বলেন, দেশে একটি সমস্যা বিরাজ করছে, সেটা হলো পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতির ওপর ব্যাপক আলোচনা করা হয়। বক্তারা বলেন, সাংবাদিকরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করলে দেশ এগিয়ে যাবে। জামায়াত সবসময় দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, মাদকমুক্ত দেশ গড়তে চায়।

প্রধান অতিথি আলী মুহসিন বলেন, জামায়াতে ইসলামের বয়স ৫৪ বছর, কিন্তু এখনো মীমাংসিত বিষয় নিয়ে জামায়াতকে দোষারোপ করা হচ্ছে। জামায়াতে ইসলাম ৫৪ বছর ধরে এদেশে যে কাজ করেছে তা বিবেচনা করে দেখতে হবে। আমরা সবসময় দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি। এদেশের জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসেন, আমরা দেশকে দুর্নীতিমুক্ত করে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলবো। জামায়াত ইনসাফের রাজনীতি করে। যেখানে মানুষের কল্যাণ রয়েছে, জামায়াত সেই কাজটি করবে এবং করছে।

তিনি আরও বলেন, দেশের ২৫টি দল পিআর পদ্ধতির পক্ষে। বাংলাদেশের জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, সেই ব্যবস্থাই পিআর সিস্টেমের মাধ্যমে করা সম্ভব।

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা যদি ক্ষমতায় যাই, তাহলে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাবো।

ইএইচ