চকরিয়া পৌরশহরের প্রধান সড়ক এখন ব্যাটারিচালিত অটোরিকশার দখলে। হাসপাতাল মোড় থেকে নিউ মার্কেট পর্যন্ত রাস্তাজুড়ে সারি সারি অটোরিকশা দাঁড়িয়ে থাকে ঘণ্টার পর ঘণ্টা। এতে ফুটপাত দখল হয়ে পড়েছে, বাধাগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষের চলাচল।
বুধবার সকাল থেকেই হাসপাতাল থেকে নিউ মার্কেট পর্যন্ত এলাকায় ছিলো তীব্র যানজট। ফুটপাতজুড়ে থেমে থাকা অটোরিকশার কারণে পথচারীরা বাধ্য হয়ে মূল সড়কে হাঁটছেন, ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
স্থানীয় বাসিন্দা সোহেল বলেন, দৈনন্দিন জীবনযাত্রা একেবারেই দুর্ভোগে পরেছে, কষ্টের যেন শেষ নেই।
নাগরিকদের অভিযোগ, পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবৈধভাবে অটোরিকশার স্ট্যান্ড গড়ে ওঠায় শহরের শৃঙ্খলা নষ্ট হচ্ছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
চকরিয়া পৌরশহরে যানজট যেন এখন নিত্যদিনের সঙ্গী। সকাল-বিকেল নিয়মিত যানজটে বিপর্যস্ত হচ্ছে ব্যাবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের জীবনযাত্রা। বিশেষ করে হাসপাতালে জরুরি রোগী নিয়ে যেতে গিয়ে বিপাকে পড়ছেন স্বজনরা। অনেক সময় এই বিলম্বে রোগীর জীবনও ঝুঁকিতে পড়ে।
একজন ভুক্তভোগী বলেন, রোগী নিয়ে হাসপাতালে পৌঁছাতে অনেক সময় এক ঘণ্টারও বেশি লেগে যায়। এটা চরম দুর্ভোগ।
স্থানীয়দের দাবি, উপজেলা ও পৌর প্রশাসন একযোগে ব্যবস্থা নিলে এই দুরবস্থা থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব।
চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান বলেন, যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত রাখতে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। খুব শিগ্গিরই পৌর প্রশাসনের সঙ্গে যৌথভাবে টেকসই পদক্ষেপ নেওয়া হবে, যাতে পথচারী ও সাধারণ মানুষের দুর্ভোগ কমে আসে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন