ফুলবাড়ীর পথসভায় সারজিস

ভারত আমাদের বন্ধু হতে পারে না

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ১২:৫৭ পিএম
ভারত আমাদের বন্ধু হতে পারে না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, গণহত্যার অভিযোগ থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা এবং অবৈধ পুশইনের অভিযোগ তুলে তিনি বলেন, এমন ভারত আমাদের বন্ধু হতে পারে না।

শনিবার বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা ১৪শ মানুষকে হত্যা করেছেন। সেই গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। সীমান্তে বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা করা হয়, অবৈধ পুশইন করা হয়। তাই ভারত আমাদের বন্ধু হতে পারে না।

তিনি আরও বলেন, বর্ষার সময় ভারত নদীর বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে প্লাবিত করে। এমন আচরণ কোনো বন্ধুত্বপূর্ণ দেশের হতে পারে না।

পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের ঘটনার প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, পিলখানায় ৭০ জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। শাপলা চত্বরে বিদ্যুৎ বন্ধ করে আলেম-ওলামাদের জঙ্গি আখ্যা দিয়ে নির্বিচারে হত্যা করা হয়েছে। সেই গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে।

এর আগে ফুলবাড়ীর ঢাকা মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে নিমতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতা ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, দলের নেতা নাসির উদ্দিন পাটোয়ারী, ডা. আহাদ এবং ফুলবাড়ী উপজেলা এনসিপির স্থানীয় নেতারা।

এম জি