স্ত্রীর চাকরিচ্যুতি সহ্য করতে না পেরে স্বামীর মৃত্যু

ওসমান হোসাইন, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৮:৫২ পিএম
স্ত্রীর চাকরিচ্যুতি সহ্য করতে না পেরে স্বামীর মৃত্যু

ইসলামী ব্যাংক থেকে স্ত্রীকে চাকরিচ্যুত করার ঘটনায় মানসিক চাপে পড়ে লিটন দাশ (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত লিটন দাশ চট্টগ্রামের পটিয়া পৌরসভার সুচক্রীদণ্ডী এলাকার বাসিন্দা সুবিমল দাশের পুত্র। তার স্ত্রী অপর্না দত্ত জয়া ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা ধনিয়াপাড়া শাখায় সহকারী অফিসার (ক্যাশ) পদে দীর্ঘদিন কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত রবিবার (৫ অক্টোবর) রাতে ব্যাংক কর্তৃপক্ষ হঠাৎ করেই অপর্না দত্তকে চাকরিচ্যুত করে। বিষয়টি প্রথমে তিনি পরিবারের কাউকে জানাননি। পরদিন সোমবার সকালে তিনি স্বামীকে নিয়ে পটিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।

ঢাকায় পৌঁছে অপর্না দত্ত তার স্বামীকে জানান, “আমার চাকরি চলে গেছে, মালপত্র নিতে এসেছি।” এ খবর শুনে লিটন দাশ ভীষণভাবে মানসিকভাবে ভেঙে পড়েন। মঙ্গলবার দিনভর তিনি উদ্বিগ্ন ও অস্থির অবস্থায় ছিলেন। বুধবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

ইসলামী ব্যাংকের হবিগঞ্জ শাখার টার্মিনেশনপ্রাপ্ত সহকারী অফিসার আবু তৈয়ব সোহেল বলেন, “স্ত্রীর চাকরি হারানোর ধাক্কায় লিটন দাশের মৃত্যু হয়েছে। ইসলামী ব্যাংকের সাম্প্রতিক টার্মিনেশন কার্যক্রম বহু পরিবারকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।”

তিনি আরও জানান, ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা গত কয়েক মাসে প্রায় আট হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত বা অব্যাহতি দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কর্মীর বাড়ি চট্টগ্রাম ও পটিয়া এলাকায়।

স্থানীয়রা জানান, ইসলামী ব্যাংকের ব্যাপক চাকরিচ্যুতি কার্যক্রমে এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেক পরিবার বর্তমানে আর্থিক অনিশ্চয়তা ও মানসিক চাপে দিন কাটাচ্ছে।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অতিরিক্ত মানসিক চাপ ও উদ্বেগের কারণে লিটন দাশ স্ট্রোকে আক্রান্ত হন। সেটিই তার মৃত্যুর মূল কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইএইচ