কুড়িগ্রামে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের থানা পরিদর্শন

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০২:০৫ পিএম
কুড়িগ্রামে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের থানা পরিদর্শন

কুড়িগ্রাম জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল আরেফীন এর নেতৃত্বে কয়েকজন বিজ্ঞ বিচারক রৌমারী ও রাজিবপুর থানা পরিদর্শন করেছেন।

শনিবার পরিদর্শনকালে থানার কার্যক্রম আরও গতিশীল করা, অনিয়ম-দুর্নীতি বন্ধ, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায়বিচার পাওয়ার সুযোগ সবার জন্য নিশ্চিত করতে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেন বিচারকগণ।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মো. মিল্টন হোসেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু তালেব মিয়া ও হাবিবুর রহমান লাইজু মিয়া।

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থানার কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে পরিচয়পর্ব শেষে থানার জনবল কাঠামো, প্রসেস রেজিস্টার, ওয়ারেন্ট রেজিস্টার, আলামত রেজিস্টারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, হাজতখানা এবং অন্যান্য অবকাঠামো ও সুযোগ-সুবিধা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি রৌমারী ও রাজিবপুর থানার অফিসার ইনচার্জদের (ওসি) সকল রেজিস্টার হালনাগাদ করার নির্দেশ দেন এবং ধ্বংসযোগ্য আলামত দ্রুত ধ্বংস করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। আদালতে বিচারপ্রার্থী সাধারণ জনগণ যেন কোনো হয়রানির শিকার না হন, সে বিষয়েও থানার কর্মকর্তাদের সতর্ক করেন।

দিনব্যাপী পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে মন্তব্য লিপিবদ্ধ করে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল আরেফীন সঙ্গীয় বিচারকবৃন্দসহ থানার প্রাঙ্গণ ত্যাগ করেন এবং সন্ধ্যায় কুড়িগ্রামে ফিরে যান।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম মালিক এবং রাজিবপুর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান বলেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়ের পরিদর্শনে আমরা অনেক ত্রুটি ধরতে পেরেছি, যা সংশোধনের সুযোগ তৈরি হয়েছে। তিনি আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন, যা আমাদের কাজ আরও গতিশীল করতে সহায়তা করবে।

জেএইচআর