অযত্নে জিও ব্যাগ, সেলাইয়ে নিম্নমানের সুতা

ইয়ামিন হাসান, সাঘাটা প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০৩:৫১ পিএম
অযত্নে জিও ব্যাগ, সেলাইয়ে নিম্নমানের সুতা

গাইবান্ধার সাঘাটায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যক্রমে সূক্ষ্ম অনিয়মের অভিযোগ উঠেছে। জিও ব্যাগ বালু ভর্তির পর সেলাইয়ে নিম্নমানের সুতা ব্যবহার ও রক্ষণাবেক্ষণ অভাবে সেসব ব্যাগ রৌদ্রের তাপে নষ্ট হয়ে কার্যক্ষমতা হ্রাস পাচ্ছে।

জানা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে ২০২০-২০২১ ও ২০২১-২০২২ অর্থবছরের “যমুনা নদীর ডান তীরের ভাঙন হতে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলাধীন কাতলামারী এবং সাঘাটা উপজেলার গোবিন্দি এবং হলদিয়া এলাকা রক্ষা” শীর্ষক প্রকল্পের প্রিকশনারি জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ সাঘাটা ইউনিয়নের গোবিন্দি এলাকায় প্যাকেজ ১ ও ৫ নং এলাকায় প্রায় চার সপ্তাহ আগে কাউন্টিং শেষে নদী তীর ঘেষে বালু ভর্তি ব্যাগ ফেলে রাখা হয়েছে।

সূত্রমতে, কিছু ব্যাগ ডাম্পিং করা হলেও বিপুল সংখ্যক ব্যাগ বালু ভর্তি অবস্থায় অযত্নে খোলা মাঠে পড়ে আছে।

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, সরেজমিনে দেখা গেছে প্যাকেজ-৫ এর বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক জিও ব্যাগ উধাও হয়ে গেছে। যেখানে আগে ব্যাগগুলো রাখা ছিল, সেখানে কেবল বালুর স্তূপ রয়েছে। একই দৃশ্য পাশের প্যাকেজ-১ এও লক্ষ্য করা গেছে।

দীর্ঘদিন ধরে ওই ব্যাগগুলো খোলা রৌদ্রে অযত্নে পড়ে থাকার কারণে সেগুলোর টেকসই মান নষ্ট হচ্ছে। সরেজমিনে আরও দেখা গেছে, ব্যাগগুলোর সেলাইয়ে নিম্নমানের সুতা ব্যবহার করা হয়েছে। ফলে সামান্য টানেই সেলাই ছিঁড়ে যাচ্ছে। এছাড়া ইঞ্চি প্রতি চারটি সেলাই রয়েছে বস্তার মুখবন্ধনে। নিম্নমানের হওয়ায় বর্তমানে বেশিরভাগ ব্যাগের সেলাইয়ের সুতা দুর্বল হয়ে গেছে।

এ বিষয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। গোবিন্দি এলাকার বাসিন্দা ফরিদ মিয়া বলেন, “কি আর করার হামারে। এটি বলার কিছু নাই। নিম্নমানের সুতা দিয়ে ব্যাগ সেলাই করছে।”

আরেক স্থানীয় ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বস্তাগুলো কয়েক সপ্তাহ ধরে রোদে ফেলে রাখা হচ্ছে। এখন নষ্ট হওয়ার ধরছে।”

স্থানীয়রা অভিযোগ করেন, নিম্নমানের সুতায় সেলাই এবং অযত্নে রাখা এসব ব্যাগ ডাম্পিং করলে ডাম্পিং করার সময়ই ফেটে যাবে। এতে শতবর্ষ টেকসই হিসেবে প্রস্তুত করা এসব ব্যাগ নদীর তীর রক্ষায় কোনো কাজে আসবে না।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। তবে জিও ব্যাগগুলোতে নিম্নমানের সুতা ব্যবহারে শতবর্ষ টেকসই হবে কিনা জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।

ইএই