নেত্রকোনার কেন্দুয়া উপজেলা হিসাব রক্ষণ দপ্তরে দীর্ঘদিন ধরে জনবল সংকট চলমান থাকায় দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারীর অভাবে অফিসের নিয়মিত কাজকর্মে বিঘ্ন ঘটছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অফিস সূত্রে জানা যায়, দপ্তরটিতে মোট সাতটি অনুমোদিত পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র চারজন। দীর্ঘদিন ধরে সুপার, অডিটর এবং জুনিয়র অডিটরের পদগুলো শূন্য রয়েছে। বর্তমানে একজন অডিটর একাই অতিরিক্ত দায়িত্ব পালন করছেন, ফলে তার ওপর পড়ছে অতিরিক্ত কাজের চাপ।
জনবল কাঠামো অনুযায়ী, অফিসটিতে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, একজন সুপার, দুইজন অডিটর, একজন জুনিয়র অডিটর, একজন টাইপিস্ট এবং একজন অফিস সহায়ক থাকার কথা। কিন্তু বর্তমানে কর্মরত আছেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, একজন অডিটর, একজন কম্পিউটার কাম মুদ্রাক্ষরিক এবং একজন অফিস সহায়কসহ মোট চারজন।
অফিসের কম্পিউটার কাম মুদ্রাক্ষরিক আল মামুন বলেন, কেন্দুয়াতে কেউ আসতে চায় না। আমরা চারজন থাকলেও অফিসের কার্যক্রম চালিয়ে নিচ্ছি। হয়তো ১৫ মিনিটের কাজ শেষ করতে আধা ঘণ্টা সময় লাগছে।
উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মাহমুদুর রহমান ভূঁইয়া বলেন, কেন্দুয়া একটি বড় উপজেলা। কাজের চাপ অনেক বেশি। শূন্য পদগুলো দ্রুত পূরণ করা অত্যন্ত জরুরি। আমি লিখিতভাবে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারপরও কষ্টসাধ্য হলেও আমরা আন্তরিকতার সঙ্গে সরকারের অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছি। জনবল সংকট নিরসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
সংশ্লিষ্ট মহলের অভিমত, সরকারি এই গুরুত্বপূর্ণ দপ্তরে দ্রুত জনবল নিয়োগ না দিলে দাপ্তরিক কার্যক্রম আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন