একই খবর ছাপায় ময়মনসিংহের ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০৭:২০ পিএম
একই খবর ছাপায় ময়মনসিংহের ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল

ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১টি পত্রিকার ডিক্লারেশন বাতিল করেছে জেলা প্রশাসন। দ্বিতীয় ও তৃতীয় পাতায় হুবহু একই খবর ছাপার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার বিকেলে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে হাবিবা মীরা বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গত বৃহস্পতিবার জেলা প্রশাসন থেকে ১১টি পত্রিকার সম্পাদক ও প্রকাশককে ডিক্লারেশন বাতিলের চিঠি পাঠানো হয়।

বাতিল হওয়া পত্রিকাগুলো হলো- দৈনিক আজকের ময়মনসিংহ, দেশের খবর, বিশ্বের মুখপত্র, ঈষিকা, অদম্য বাংলা, আলোকিত ময়মনসিংহ, দিগন্ত বাংলা, জাহান, কিষানের দেশ, হৃদয়ে বাংলা ও সাপ্তাহিক পরিধি।

জেলা প্রশাসনের চিঠিতে বলা হয়, গত ১০ ও ১৩ এপ্রিল প্রকাশিত পত্রিকাগুলোর দ্বিতীয় ও তৃতীয় পাতায় একই ধরনের খবর ও ছবি প্রকাশ করা হয়। পরে ১৬ এপ্রিল কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও দেওয়া ব্যাখ্যা গ্রহণযোগ্য মনে হয়নি।

পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদন্ত করে দেখা যায়, পত্রিকাগুলো অনুমোদিত ছাপাখানা থেকে মুদ্রিত হয়নি। বিষয়টি ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইন, ১৯৭৩-এর ৪ ও ৭ ধারার লঙ্ঘন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা বলেন, “গত ৩০ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সংখ্যায় এই পত্রিকাগুলোর দ্বিতীয় ও তৃতীয় পাতায় হুবহু একই প্রতিবেদন ছাপা হয়। তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় ছাপাখানা ও প্রকাশনা আইনের বিধান অনুযায়ী তাদের ডিক্লারেশন বাতিল করা হয়েছে।”

ইএইচ