কুষ্টিয়ায় বাউল ফকির লালন শাহের আখড়া বাড়িতে মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ আছর কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির সামনে বাংলাদেশ খেলাফত যুব মজলিশ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কুষ্টিয়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সমাজ ধ্বংসের নীরব ঘাতক মাদক পরিবারে অশান্তি আনে, তরুণ প্রজন্মের স্বপ্ন ধ্বংস করে এবং অপরাধ, ধর্ষণ, হত্যা ও আত্মহত্যার মতো নৃশংস ঘটনার মূল কারণ হয়ে দাঁড়ায়। এটি আল্লাহর সন্তুষ্টি হারাতে এবং মানুষকে নরকের পথে ঠেলে দেয়।
বক্তারা আরও জানান, বিগত কয়েক বছর ধরে কুষ্টিয়ায় লালন শাহের আখড়া বাড়িতে মেলার নামে প্রশাসনের উপস্থিতিতে প্রকাশ্যে মাদক সেবনের মহোৎসব চলে আসছে। এর ফলে যুব সমাজ ও আগামী প্রজন্ম বিপদগ্রস্ত হচ্ছে। মাদকের অর্থ সংগ্রহ করতে গিয়ে কিশোর ও যুবকরা চুরি, ডাকাতি, ছিনতাই এবং খুনের সঙ্গে জড়িয়ে পড়ছে। বক্তারা কুষ্টিয়াবাসীর কাছে আহ্বান জানিয়ে বলেন, ধর্ম, বর্ণ, দল-মত নির্বিশেষে সবাইকে সচেতন নাগরিক হিসেবে প্রকাশ্যে মাদক সেবনের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আগামী ১৭, ১৮ ও ১৯ অক্টোবর লালন তিরোধান দিবসে আখড়া বাড়িতে যদি মাদকের কোনো সেবন লক্ষ্য করা যায়, তখন কুষ্টিয়ার সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে মাদকবিরোধী আন্দোলন গড়ে তুলবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা শারাফাত হুসাইন।
এ সময় বক্তব্য রাখেন আল-খিদমাহ অর্গানাইজেশন কুষ্টিয়ার সভাপতি হৃদয় হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আবরার, বাংলাদেশ খেলাফত মজলিশ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আরিফুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আবদুল লতিফ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন