বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে নেত্রকোণায় র‍্যালি ও সভা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০২:২০ পিএম
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে নেত্রকোণায় র‍্যালি ও সভা

বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে নেত্রকোণায় বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নেত্রকোণা এসব অনুষ্ঠানের আয়োজন করে।

দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ৯টা ৪৫ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। 

র‍্যালিটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দেয়।

সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. নায়েব আলী খানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল আজম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. দাউদ শরীফ, দৈনিক ইনকিলাবের সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, শিক্ষার্থীদের পক্ষে মো. জিন্নাতুল ইসলাম ও রওনক জাহান তুবা প্রমুখ।

অপরদিকে, জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে নেত্রকোণা পৌরসভার উদ্যোগে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ইউজিআইআইপি), এলজিইডির সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইএইচ