শ্বশুরবাড়ি যাওয়া হলো না গৃহবধূ অমির

মেহেরপুর প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০২:২৬ পিএম
শ্বশুরবাড়ি যাওয়া হলো না গৃহবধূ অমির

স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মেহেরপুরে ফারহানা ওয়াহেদা অমি (২৬) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বুধবার সকাল নয়টার দিকে সদর উপজেলার ফতেপুর উত্তরপাড়া মসজিদের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

ফারহানা ওয়াহেদা অমি সদর উপজেলার রামদাসপুর গ্রামের রায়হানুল ইসলামের স্ত্রী ও শহরের পেয়াদা পাড়ার আব্দুল ওয়াহেদ চঞ্চলের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অমি ও তার স্বামী রায়হানুল মোটরসাইকেলযোগে মেহেরপুর থেকে রামদাসপুরের দিকে যাচ্ছিলেন। একই দিকে থেকে ঢাকা মেট্রো নম্বরের বালুবোঝাই একটি ট্রাকও যাচ্ছিল। পথিমধ্যে ফতেপুর উত্তরপাড়া মসজিদের সামনে পৌঁছালে তারা ট্রাকটিকে অতিক্রম করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা ইটের স্তুপের মধ্যে পড়ে যান। এ সময় রায়হানুল স্তুপের উপর পড়লেও পিছনে থাকা স্ত্রী অমি পড়ে যান ট্রাকের মাঝখানে। এতে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। আহত হন স্বামী।

স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। এ সময় উত্তেজিত জনতা ট্রাকটির কিছু অংশ ভাঙচুর করে। অবস্থা বেগতিক দেখে ট্রাকের চালক পালিয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে।

মেহেরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে পরিবার ময়নাতদন্ত করতে রাজি নয়। লিখিত পেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইএইচ