রাঙ্গামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৪:০০ পিএম
রাঙ্গামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

‘হাত ধোয়ার নায়ক হোন’ এ স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এনেক্স ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রিজাউল করিম।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী সুব্রত বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডা: প্রতীক সেন, রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ম্যানেজার আলোক বিকাশ চাকমা, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কলিম উল্লাহ, রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদ মো. কামাল উদ্দিন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতি বছর এই দিবসটি উদযাপনের উদ্দেশ্য হলো নিয়মিত হাত ধোয়া ও সকল কাজে নিরাপদ পানি ব্যবহার এবং পানিবাহিত রোগ সম্পর্কে মানুষকে সচেতন করা। নিরাপদ ও বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবহার এবং পরিস্কার পরিচ্ছন্নতা বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকার অন্যতম শর্ত। ৮০ শতাংশ রোগ মানুষের হাতের কারণে হয়। এজন্য ভালভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সকলকে।

আলোচনা সভার আগে জেলা পরিষদের প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতিতে হাত ধোয়া নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সচেতনতামূলক কার্যক্রম উপস্থাপন করা হয়।

জেএইচআর