সালথায় অটোভ্যান চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কিশোরের

সালথা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৬:৩৮ পিএম
সালথায় অটোভ্যান চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কিশোরের

ফরিদপুরের সালথায় অটোভ্যান চার্জ দিতে গিয়ে হসিবুল মাতুব্বর (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত হাসিবুল উপজেলার বল্লভদী ইউনিয়নের উত্তর ফুলবাড়িয়া কাজী পাড়ার রিপন মাতুব্বরের ছেলে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হাসিবুলের বাবা রিপন মাতুব্বর ঢাকায় কাজ করেন। হাসিবুল তার মা ও দুই বোনকে নিয়ে বাড়িতে থাকতেন। টানাপোড়নের সংসারে বাড়তি আয়ের আশায় কিছুদিন পূর্বে কিস্তি তুলে তাকে অটোভ্যান কিনে দেওয়া হয়। হাসিবুল প্রতিদিনের মতো সকালে ভ্যান চালিয়ে বাড়িতে ফিরে আসে। বেলা ১২টার দিকে অটোভ্যানে চার্জ কম থাকায় চার্জ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র ছেলে হারিয়ে শোকে কাতর মা-বাবা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, “অটোভ্যান চার্জ দিতে গিয়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

ইএইচ