বিশ্বজুড়ে জনসচেতনতা তৈরির লক্ষ্য অর্জনের জন্য প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়। সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ এবং সুস্বাস্থ্য নিশ্চিত করার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই এই দিবসের প্রধান লক্ষ্য। এ বছর ‘একজন হাত ধোয়া বীর হোন!’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে, যা প্রত্যেক ব্যক্তিকে নিজ নিজ কমিউনিটিতে হাত ধোয়ার অভ্যাসকে উৎসাহিত করতে অনুপ্রাণিত করবে।
সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাসকে একটি সামাজিক সংস্কৃতিতে পরিণত করার লক্ষ্যে ২০০৮ সালে ‘গ্লোবাল হ্যান্ডওয়াশিং পার্টনারশিপ’ (GHP) এই দিবসটি চালু করে। সুইডেনের স্টকহোমে বিশ্ব পানি সপ্তাহে এর সূচনা হয় এবং পরে জাতিসংঘের সাধারণ পরিষদ দিবসটিকে প্রতি বছর পালনের জন্য অনুমোদন দেয়।
জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পিরোজপুরের উদ্যোগে এবং ব্র্যাক পিরোজপুর শাখার সহযোগিতায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে পিরোজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে এই দিবস পালন করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূইয়া জনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আযিজী, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত সরকার, পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. গোলাম মোর্তুজা, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. কাদিরুল মোক্তাদির, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পিরোজপুর সদর উপজেলা সহকারী প্রকৌশলী মো. আল-আমিন হোসেন, ব্র্যাকের পিরোজপুর জেলা কো-অর্ডিনেটর মো. হাসিবুল ইসলাম, ব্র্যাক ওয়াশ প্রোগ্রামের জেলা ব্যবস্থাপক মো. রেজাউল করিম, ব্র্যাক কর্মসূচি সংগঠক কিশোর চৌধুরী, ব্র্যাকের রিজোনাল ম্যানেজার উর্মি ভাদুড়ীসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক বৃন্দ।
এ সময় অতিথিরা শিশু শিক্ষার্থীদের হাতে হাত ধোয়ার সঠিক নিয়ম শেখানো কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং হাত ধোয়ার উপকারিতা ও হাত না ধোলার ফলে সম্ভাব্য ক্ষতির বিষয়ে সতর্ক করেন।
শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা বলেন, “হাতের মাধ্যমে অনেক জীবাণু ছড়ায়। এজন্য খাবার আগে সবাইকে অবশ্যই সঠিক নিয়মে হাত পরিষ্কার করতে হবে। এতে অনেক রোগ-বালাই থেকে মুক্ত থাকা সম্ভব।”
তারা আরও বলেন, “হাত ধোয়ার অভ্যাস কেবল দিবসকেন্দ্রিক নয়, বরং দৈনন্দিন জীবনে খাওয়ার আগে ও পরে, শৌচাগার ব্যবহারের পর এবং হাঁচি-কাশির পর সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছোট অভ্যাসটিই একটি সুস্থ ও নীরোগ জাতি গঠনে বড় ভূমিকা রাখতে পারে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন