দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয় দেখা গেলেও এর মধ্যেও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে দিনাজপুর সিটি রেসিডেন্সিয়াল মডেল কলেজ। এ বছর বোর্ডে পাসের হার মাত্র ৫৭.৪৯ শতাংশ হলেও কলেজটি শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। শুধু তাই নয়, দিনাজপুর জেলার মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ প্রাপ্তির মাধ্যমে প্রথম স্থান অধিকার করার পাশাপাশি শিক্ষা বোর্ডের আট জেলার সম্মিলিত মেধাতালিকায় সেরা দশের মধ্যে পঞ্চম স্থান দখল করেছে প্রতিষ্ঠানটি।
এই অসাধারণ সাফল্যে কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
ভালো ফলাফলের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
কলেজের পরিচালক মোখলেসুর রহমান জানান, "প্রতিষ্ঠার পর থেকেই আমরা শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এবারের ফলাফল আমাদের সেই ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন।" তিনি আরও বলেন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টাতেই এই অসামান্য সাফল্য অর্জন সম্ভব হয়েছে। এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে তারা বদ্ধপরিকর।
কলেজের শিক্ষার্থীরা জানান, "সবার মতো আমরাও পরীক্ষার ফলাফল নিয়ে কিছুটা শঙ্কিত ছিলাম। দিনাজপুর বোর্ডের সার্বিক ফলাফল প্রকাশিত হওয়ার পর উদ্বেগ আরও বেড়ে গিয়েছিল। পাসের হারের নিম্নগতি আমাদেরও হতাশ করেছিল।
কিন্তু কলেজের ফলাফল জানতে পারার পর আনন্দ ধরে রাখতে পারিনি। শতভাগ পাসের খবরটি আমাদের জন্য পরম পাওয়া। এর সাথে ৩৭ জন সহপাঠীর জিপিএ-৫ পাওয়ার গৌরব আমাদের আনন্দকে বহুগুণে বাড়িয়েছে।"
শিক্ষার্থীরা আরও বলেন, "এই সাফল্য আকস্মিক নয়। এর পেছনে রয়েছে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও নিবিড় পরিচর্যা। তাঁরা কেবল পাঠ্যবইয়ের শিক্ষাই দেননি, দিয়েছেন আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের অনুপ্রেরণা। কলেজের সুশৃঙ্খল পরিবেশ, নিয়মিত ক্লাস ও পরীক্ষা এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ যত্ন আমাদের পথচলায় সাহস জুগিয়েছে। সম্মানিত অধ্যক্ষ ও কলেজ পরিচালনা পর্ষদের দূরদর্শী দিকনির্দেশনা ছাড়া এই সাফল্য অর্জন সম্ভব হতো না।"
অভিভাবকরা জানান, "আমরা আমাদের ছেলে-মেয়ের এই ফলাফলের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। শিক্ষকরা আমাদের সন্তানদের স্বপ্ন ও কলেজের এই সাফল্যের ধারা অব্যাহত রেখে ভবিষ্যতে দেশ ও দশের কল্যাণে নিজেদের নিয়োজিত করবে বলে আমরা আশা করি।"
উল্লেখ্য, এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডে ফলাফল বিপর্যয় অনেককেই হতাশ করলেও সিটি রেসিডেন্সিয়াল মডেল কলেজের এই সাফল্য জেলার শিক্ষা ক্ষেত্রে একটি আশার আলো হিসেবে দেখা দিয়েছে।
প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্য প্রমাণ করে যে, সঠিক পরিকল্পনা ও ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে প্রতিকূলতার মধ্যেও ভালো ফলাফল অর্জন সম্ভব।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন