কুষ্টিয়ার খোকসা উপজেলার মাঠপাড়া গ্রামে ইয়াবা সেবন সংক্রান্ত বিরোধের জেরে শাহিন হোসেন (৩৫) নামের এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে তারই প্রতিবেশী রাকিবুল ইসলাম ওরফে রাহুল (২১)।
পুলিশ জানায়, গত ১৪ অক্টোবর বিকাল ৪টা ৪৫ মিনিটে খোকসা মাঠপাড়া গ্রামের জাহিদ ওরফে বুশের নির্মাণাধীন আধাপাকা ঘরের বারান্দার দক্ষিণ পাশে একটি রুমে পলিথিনে মোড়ানো অবস্থায় শাহিনের মৃতদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে খোকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে পরদিন ১৫ অক্টোবর খোকসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে পুলিশের তৎপরতায় নিহতের ব্যবহৃত মোবাইল ফোনের সূত্র ধরে বৃহস্পতিবার মাঠপাড়া গ্রামের ওসমান আলীর ছেলে রাকিবুল ইসলাম ওরফে রাহুলকে (২১) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে নিহতের তিনটি মোবাইল ফোন ও মানিব্যাগ উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে রাহুল হত্যার দায় স্বীকার করে জানায়, ঘটনার দিন সে ও শাহিন একসঙ্গে দুই পিস ইয়াবা সেবন করে। পরে ইয়াবার দাম পরিশোধ না করায় শাহিন তাকে গালিগালাজ ও থাপ্পড় মারলে রাগের বশে নাইলনের দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। গ্রেপ্তার রাহুল পরবর্তীতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করবে বলে (ওসি) শেখ মঈনুল ইসলাম জানিয়েছেন।
ঘটনার পর খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মইনুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “খোকসা থানার পুলিশ দ্রুত তদন্ত করে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে। আসামি রাহুলকে গ্রেফতার ও নিহতের মালামাল উদ্ধার করা হয়েছে। ন্যায়ের স্বার্থে মামলার কার্যক্রম দ্রুত শেষ করতে আমরা বদ্ধপরিকর।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন