ঈশ্বরগঞ্জে তরুণদের নৈতিক নেতৃত্ব গঠনে ছাত্রশিবিরের নবীনবরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০৭:৫৪ পিএম
ঈশ্বরগঞ্জে তরুণদের নৈতিক নেতৃত্ব গঠনে ছাত্রশিবিরের নবীনবরণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকালে ঈশ্বরগঞ্জ পৌর অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ২৫০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের হাতে লাল গোলাপ তুলে দিয়ে বরণ করা হয় এবং বাংলা অনুবাদসহ পবিত্র কোরআন উপহার দেওয়া হয়। অতিথিরা বলেন, তরুণ প্রজন্মকে নৈতিক ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শিহাবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল ডা. ফাওজান আব্দুর রহমান। তিনি বলেন, “শিক্ষার লক্ষ্য কেবল ডিগ্রি নয়, বরং নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলাম হামিম এবং জেলা সাহিত্য সম্পাদক আফজাল হোসেন। বক্তারা বলেন, ইসলামি আদর্শ ও নৈতিক শিক্ষার মাধ্যমে তরুণ প্রজন্মকে গড়ে তুললেই সমাজে প্রকৃত নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ তানহারা আলী, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি শিহাব উদ্দিন ও অর্থ সম্পাদক আবুল খায়ের ত্বহা। দোয়া ও নবীন শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

ইএইচ