ঢাকা-বরিশাল মহাসড়কে ঝুঁকিপূর্ণ সেতু

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৭:২৬ পিএম
ঢাকা-বরিশাল মহাসড়কে ঝুঁকিপূর্ণ সেতু

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল বাসস্ট্যান্ড সংলগ্ন একটি সেতু মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। সেতুর নিচের গার্ডার বিমে একাধিক স্থানে গভীর ফাটল দেখা দেওয়ায় এটি যে কোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এতে দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

প্রতিদিন হাজারের বেশি যানবাহন এই সেতুর ওপর দিয়ে চলাচল করে। ইতোমধ্যে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ঝুঁকি মোকাবিলায় নিচে বালুভর্তি ব্যাগ, কাঠ ও লোহার পাত বসিয়ে সাময়িকভাবে প্রটেকশন ব্যবস্থা নিয়েছে।

তবে স্থানীয়দের অভিযোগ, এমন অস্থায়ী উদ্যোগে বড় ধরনের দুর্ঘটনা ঠেকানো সম্ভব নয়। তারা জরুরি ভিত্তিতে বিকল্প সড়ক নির্মাণ এবং পুরোনো সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন।

উজিরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি জিয়া আমিন ঢাড়ী বলেন, “সেতুর অবস্থা এতটাই নাজুক যে, যেকোনো মুহূর্তে এটি ভেঙে পড়তে পারে। দ্রুত ব্যবস্থা না নিলে প্রাণঘাতী দুর্ঘটনা অনিবার্য।”

এ বিষয়ে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম আমার সংবাদকে বলেন, “সেতুটি ঝুঁকিপূর্ণ বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। আপাতত প্রটেকশন দিয়ে যান চলাচল সচল রাখার চেষ্টা চলছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।”

স্থানীয় বাসিন্দাদের মতে, সরকারের উচিত জরুরি ভিত্তিতে বিকল্প সড়ক নির্মাণের কাজ শুরু করা এবং ঝুঁকিপূর্ণ সেতুটি অপসারণ করে আধুনিক ও টেকসই নতুন সেতু নির্মাণ করা। তা না হলে বরিশালসহ পুরো দক্ষিণাঞ্চল এক ভয়াবহ যোগাযোগ সংকটে পড়তে পারে।

ইএইচ